নিজস্ব প্রতিবেদক:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের পৃথক অভিযানে ৩ হাজার ১০ পিস ইয়াবা এবং ১২০ গ্রাম গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৪টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।বুধবার (২৯ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লার নির্দেশনায় এবং ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। খিলগাঁও, ডেমরা, মতিঝিল ও সবুজবাগ সার্কেলের সমন্বয়ে গঠিত চারটি পৃথক টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর এই অভিযানগুলো পরিচালনা করে।খিলগাঁও: খিলগাঁও থানাধীন দক্ষিণ গোড়ান এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে ২ হাজার ৯০০ পিস ইয়াবাসহ কাজী ছানা উল্লাহ (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। দোকানের ড্রয়ারে সিনথেটিক ব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় এই বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।যাত্রাবাড়ী (১): যাত্রাবাড়ী মাছের আড়ৎ এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম (৪৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।মতিঝিল: আরামবাগ ক্লাব মার্কেট এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— লাভলু রহমান (২০ পিস), গিয়াস উদ্দিন (২০ পিস) এবং মো. হানিফ (১০ পিস)।যাত্রাবাড়ী (২): দক্ষিণ যাত্রাবাড়ী কাঁচা বাজার এলাকা থেকে ১০ পিস ইয়াবা এবং ১২০ গ্রাম গাঁজাসহ হনুফা (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং চক্রের অন্য জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।