CHANNEL H TV

অর্থ-বাণিজ্য

ব্যাংক খাতের দুর্নীতি ও ‘তালাশ’ টিমের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, পথেই পুলিশের বাধা

ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের প্রতিবাদ এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনিয়মের অভিযোগে দলটির ঘোষিত ‘ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ভবন ঘেরাও’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার ৬ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি) ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হলে এই বাধা প্রদান করা হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে বিজেপির কেন্দ্রীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের সমর্থকরা উপস্থিত হতে থাকেন। ব্যাংক খাতের চোর-লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে তারা সোচ্চার হন। একইসঙ্গে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’ টিমের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভুয়া সংবাদ পরিবেশনের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।পরে সকাল ১১টার দিকে দলটির নেতাকর্মীরা শান্তিনগরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ভবনের উদ্দেশে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কিছুদূর এগোতেই পুলিশি বাধার মুখে পড়ে। অপ্রীতকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সড়কে কাঁটাতারের ব্যারিকেড দেয় পুলিশ। পুলিশি বাধার মুখে নেতাকর্মীরা সড়কেই অবস্থান নিয়ে কিছুক্ষণ শান্তিপূর্ণ প্রতিবাদ সভা করেন।প্রতিবাদ সভায় বিজেপির কেন্দ্রীয় নেতারা বলেন, ব্যাংক খাত থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। দেশের সাধারণ মানুষের স্বার্থে বিজেপি এই দুর্নীতির বিরুদ্ধে রাজপথে নেমেছে।নেতারা অভিযোগ করে আরও বলেন, গণমাধ্যমের কাজ সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সত্য তুলে ধরা। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ‘তালাশ’ টিম অনুসন্ধানের নামে ভুয়া রিপোর্ট তৈরি ও অপপ্রচার চালিয়ে চাঁদাবাজি করছে। এই ধরনের হলুদ সাংবাদিকতা বন্ধের জন্য তারা জোর দাবি জানান।অবস্থান কর্মসূচি শেষে বিজেপির শীর্ষ নেতারা জানান, পুলিশি বাধা সত্ত্বেও তাদের এই দুর্নীতিবিরোধী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দাবির সংগ্রাম অব্যাহত থাকবে। অনতিবিলম্বে ব্যাংক খাতের অর্থ উদ্ধার এবং গণমাধ্যমের নামে অপপ্রচার বন্ধ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

ব্যাংক খাতের দুর্নীতি ও ‘তালাশ’ টিমের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, পথেই পুলিশের বাধা