উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
আন্তর্জাতিক ডেস্ক:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাড়ি থেকে বেরিয়ে একটি দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধন করতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। তবে ঠিক কী উদ্দেশ্য নিয়ে ওই নারী হামলা চালানোর চেষ্টা করেছিলেন, সে বিষয়ে এখনো পুলিশ কিছু স্পষ্ট করেনি।স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাট মিলন সংঘের দুর্গাপূজার উদ্বোধন করতে নিজের বাড়ি থেকে হেঁটে রওয়ানা হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূজামণ্ডপটি তাঁর বাড়ির খুব কাছেই অবস্থিত।তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্র দাবি করেছে, মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বের হওয়ার পর জনসমাগমের সুযোগ নিয়ে ভিড়ের মধ্যে মিশে যান ওই নারী। একপর্যায়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে কাছে পৌঁছে যান এবং তাঁকে লক্ষ্য করে ঘুষি মারার চেষ্টা করেন। পাশাপাশি ওই নারী অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন বলেও অভিযোগ উঠেছে।হঠাৎ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরপরই সেখানে হট্টগোল শুরু হয় এবং ধাক্কাধাক্কির একপর্যায়ে অভিযুক্ত নারী মাটিতে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে মমতার নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ওই নারীকে পুলিশে সোপর্দ করেন।বর্তমানে কালীঘাট থানা পুলিশ আটক নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকায়।