উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরের সালথায় কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ করা ২০০ বস্তা ইউরিয়া সার গুদামে না রেখে অন্যত্র বিক্রির অভিযোগে এক সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার (১১ অক্টোবর) বিকেল সাড় ৩টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ডিলারের নাম মোমরেজ খান।উপজেলা প্রশাসন ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরকারি সার সরবরাহের আগমনী বার্তার (অ্যারাইভাল রিপোর্ট) ওপর ভিত্তি করে নিয়মিত তদারকির অংশ হিসেবে ডিলার মোমরেজ খানের গুদামে যান উপজেলা কৃষি কর্মকর্তা। চলতি অক্টোবর মাসে ওই ডিলারের অনুকূলে ৪০০ বস্তা ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী সম্পূর্ণ সার গুদামে মজুত থাকার কথা থাকলেও পরিদর্শনের সময় মাত্র ২০০ বস্তা সার পাওয়া যায়। পরবর্তীতে অনুসন্ধানে বাকি ২০০ বস্তা সার গুদামে না এনে আগেই অন্য জায়গায় বিক্রি করে দেওয়ার বিষয়টি নিশ্চিত হয় প্রশাসন।সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত ডিলার সারের অপব্যবহার ও অন্যত্র বিক্রির সত্যতা স্বীকার করলে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানের বিষয়ে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ জানান, “কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত নিয়মে গুদামে রাখা ও সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে আমরা নিয়মিত নজরদারি চালাচ্ছি। বরাদ্দের সার অন্য কোথাও বিক্রি করে অনিয়ম করলে বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ বলেন, “সার সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম বা কৃষকদের ভোগান্তির সুযোগ দেওয়া হবে না। বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”