উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
নিজস্ব প্রতিবেদক:পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে বাসে করে ঢাকায় ইয়াবা পাচারের চেষ্টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই তরুণকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন— চিঅউছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৮৯৯৮) একটি যাত্রীবাহী বাসে ইয়াবার একটি বড় চালান ঢাকায় আনা হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে টোল প্লাজার ৪ নম্বর লাইনের পশ্চিম পাশে অবস্থান নেয় অভিযানের গোয়েন্দা দল। পরে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় দুই যাত্রীর কাছ থেকে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।ডিএনসি মহাপরিচালক মোঃ হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মোঃ রাজিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।ঘটনায় ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।