উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ ৬৫ বছর বয়সী মাসুমা খাতুন নামে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই বৃদ্ধা দাবি করেছেন, তাঁর মেয়ে তাহমিনার চাপ ও নির্দেশনার কারণেই তিনি যশোর থেকে হেরোইন বহন করে ঢাকায় আনছিলেন।মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় (ঢাকা)-এর একটি টিম তাঁকে গ্রেপ্তার করে।ডিএনসি সূত্র জানায়, যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসে করে এক নারী হেরোইন নিয়ে ঢাকায় আসছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি রেইডিং পার্টি ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বাসটির গতিরোধ করে বাসের ভেতরের মাঝের আসনে বসা সন্দেহভাজন বৃদ্ধাকে আটক করা হয়।পরবর্তীতে নারী সদস্যদের সহায়তায় তল্লাশি চালিয়ে তাঁর পরিহিত পোশাকের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুমা খাতুন স্বীকার করেছেন যে তিনি মেয়ের নির্দেশেই এ চালানটি ঢাকায় আনছিলেন এবং এর আগেও তিনি দুইবার একইভাবে হেরোইন বহন করেছিলেন। প্রাথমিক অনুসন্ধানে তাঁর মেয়ে তাহমিনার যাত্রাবাড়ী এলাকায় মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাহমিনাকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলছে।ডিএনসির কর্মকর্তারা জানান, আইনি চোখ ফাঁকি দিতে বা সন্দেহ এড়াতে পরিবার বা অপেক্ষাকৃত বয়স্ক নারীদের ব্যবহার করা কোনো সংঘবদ্ধ চক্রের পরিকল্পিত পদ্ধতি কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় মাসুমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মাদকের উৎস, সরবরাহকারী ও পেছনের মূল হোতাদের শনাক্ত করতে ডিএনসির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।