উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
২০১৯ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘আদাই’-তে এক সাহসী চরিত্রে অভিনয় করে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী অমলা পল। বিশেষ করে সিনেমার গল্প ও দৃশ্যের প্রয়োজনে নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের অভিনয়দক্ষতার ছাপ রেখেছিলেন তিনি। তবে সেই আলোচিত দৃশ্যগুলোর শুটিংয়ে সম্মতি দেওয়ার আগে নিজের মধ্যে কাজ করা তীব্র মানসিক দ্বিধা ও নানা আশঙ্কার কথা সম্প্রতি প্রকাশ করেছেন অভিনেত্রী।ছবিটির চিত্রনাট্য পাওয়ার পর অমলার মনে প্রথম প্রশ্ন জেগেছিল—দৃশ্যগুলো কি গল্পের বাস্তব প্রয়োজনেই যুক্ত করা হয়েছে, নাকি সস্তা জনপ্রিয়তা ও দর্শক টানার কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে? একই সঙ্গে দৃশ্যগুলোর শুটিং কীভাবে করা হবে এবং সেটে পেশাদারত্ব বজায় থাকবে কি না, তা নিয়েও চিন্তিত ছিলেন তিনি। বিষয়গুলো পুরোপুরি পরিষ্কার ও নিশ্চিত না হওয়া পর্যন্ত ছবিতে অভিনয় করতে চাননি এই তারকা।শুধু শুটিং নয়, ক্যারিয়ারের ভবিষ্যৎ এবং নিজের সামাজিক ভাবমূর্তি নিয়েও শঙ্কায় ছিলেন অমলা। তার ভয় ছিল, এ ধরনের সাহসী চরিত্রে অভিনয় করার পর দর্শকেরা তাকে হয়তো একটি নির্দিষ্ট গণ্ডিতেই আটকে ফেলবেন এবং পরবর্তীতে একই ধরনের রোলের প্রস্তাব আসতে থাকবে।তবে সব দ্বিধা কাটে পরিচালক ও শুটিং টিমের সঙ্গে বিস্তারিত আলোচনার পর। পুরো টিমের প্রতি আস্থা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত ছবিটিতে কাজের সিদ্ধান্ত নেন তিনি। অমলা জানান, শুটিং চলাকালে সেটে তার ব্যক্তিগত নিরাপত্তা ও স্বস্তির বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল। বিশেষ দৃশ্যগুলোর ধারণ করার সময় সেটে উপস্থিত লোকসংখ্যা একবারে সীমিত রাখা হয়, যেন তিনি কোনো ধরনের অস্বস্তি ছাড়া স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন।মুক্তি পাওয়ার পর ‘আদাই’ ছবিতে অমলা পলের অভিনয় দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়। তবে সফল এই চরিত্রের পেছনে যে মানসিক টানাপোড়েন ও সাহসিকতার গল্প ছিল, তা এখন নতুন করে চর্চায় উঠে এসেছে।