উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে ডেভিড হেম্পের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।৫৫ বছর বয়সী এই ইংলিশ কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। চুক্তি অনুযায়ী, আগামী ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত টাইগ্রেসদের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। আসন্ন অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের কাজ শুরু করবেন হেম্প। তিনি সারোয়ার ইমরানের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে এ পদে দায়িত্ব পালন করছিলেন।বাংলাদেশ নারী দলের কোচিং স্টাফে হেম্প অবশ্য অচেনা কোনো নাম নন। এর আগে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব এবং চলতি বছরের শুরুতে নেপালে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টাইগ্রেসদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।বিসিবির কোচিং কাঠামোর সঙ্গেও তার দীর্ঘদিনের জানাশোনা। ২০২৩ সালের মে মাসে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করেন হেম্প। পরবর্তীতে ২০২৪ সালে বাংলাদেশ জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পান। এ ছাড়া ২০২৩ সালে বাংলাদেশ পুরুষ দলের নিউজিল্যান্ড সফরেও তিনি কোচিং স্টাফের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।আন্তর্জাতিক নারী ক্রিকেটে কাজ করার পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞ কোচের। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। পাশাপাশি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেট নারী দল এবং নারী বিগ ব্যাশ লিগের (ডব্লিউবিবিএল) ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন স্টার্সের প্রধান কোচ হিসেবেও সুনামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।